
দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যুর কারণ হিসেবে হাম নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৮ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১০৫ জন শিশু ভর্তি হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মধ্যে ১৭৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৩১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৬৪ জন শিশু।
সার্বিক পরিস্থিতি নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা না হলে এই প্রকোপ আরও ভয়াবহ রূপ নিতে পারে। শিশুদের সুরক্ষায় অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি সময়মতো টিকা নেওয়ার ওপর জোর দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।