সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মার্কিন নৌ-অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পাড়ি দিল ৫ জাহাজ

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৪ এপ্রিল ২০২৬ | ১০:০১ অপরাহ্ন


যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের মধ্যেই ইরানের বন্দর ব্যবহার করা দুটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা কেপলার মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। পাশাপাশি আরও তিনটি জাহাজ এই প্রণালি অতিক্রম করেছে, তবে সেগুলো ইরানের কোনো বন্দর ব্যবহার করেনি।

কেপলারের বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি জানায়, লাইবেরিয়ার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘ক্রিশ্চিয়ানা’ ভুট্টা নিয়ে ইরানের ইমাম খোমেনি বন্দরে গিয়েছিল। পণ্য খালাসের পর সেটি হরমুজ প্রণালি অতিক্রম করে। সোমবার যুক্তরাষ্ট্রের অবরোধ শুরুর দুই ঘণ্টা পর ক্রিশ্চিয়ানা জাহাজটি ইরানের লারাক দ্বীপ অতিক্রম করে। এছাড়া পূর্ব আফ্রিকার দেশ কোমোরোসের পতাকাবাহী ‘এলপিস’ নামের দ্বিতীয় জাহাজটিও সফলভাবে এই প্রণালি পাড়ি দেয়। নৌ-অবরোধ শুরুর কয়েক ঘণ্টা আগে এলপিস লারাক দ্বীপের কাছাকাছি অবস্থান করছিল।

এদিকে, বাজারের তথ্য বিশ্লেষণকারী সংস্থা এলএসইজির বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা আরও তিনটি ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। সবশেষ পানামার পতাকাবাহী ‘পিস গালফ’ নামের একটি ট্যাংকার সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরের দিকে যাচ্ছে।

যেহেতু এই ট্যাংকারগুলো সরাসরি ইরানের কোনো বন্দরের দিকে যাচ্ছে না, তাই এগুলো মার্কিন নৌ-অবরোধের আওতায় পড়ছে না। যুক্তরাষ্ট্রের পূর্বঘোষণা অনুযায়ী, শুধু ইরানের বন্দর ব্যবহার করা যেকোনো দেশের জাহাজকে এই অবরোধের আওতায় আনা হবে।

কেপলারের দেওয়া তথ্যানুযায়ী, ‘মুরলিকিষাণ’ বা ‘এমকেএ’ নামের একটি ট্যাংকার জ্বালানি তেল সংগ্রহের জন্য ইরাকের দিকে অগ্রসর হচ্ছে। এমকেএ নামে পরিচিত এই জাহাজটি এর আগে রাশিয়া ও ইরানের তেল পরিবহনে ব্যবহার করা হতো। অন্যদিকে, মার্কিন নৌ-অবরোধ শুরু হওয়ার পর প্রথম জাহাজ হিসেবে সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করে চীনা কোম্পানির মালিকানাধীন নিষেধাজ্ঞাভুক্ত ট্যাংকার ‘রিচ স্টারি’।