সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রাউজানে দেশীয় অস্ত্র ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৫ এপ্রিল ২০২৬ | ৩:১৩ অপরাহ্ন


চট্টগ্রামের রাউজানে দেশীয় তৈরি একটি এলজি, তিন রাউন্ড কার্তুজ ও একটি ছোরাসহ মো. দৌলত নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) ভোরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট ঘাটকূল এলাকায় অভিযান চালিয়ে মো. দৌলতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মো. দৌলত ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মো. দৌলতের বসতঘরে অভিযান চালায় পুলিশ। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের কাঠের আলনা থেকে একটি দেশীয় তৈরি এলজি এবং তিন রাউন্ড ১২ বোরের তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়াও ঘরের সিলিংয়ের ওপর থেকে দেশীয় তৈরি একটি ছোরা জব্দ করে পুলিশ।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ মো. দৌলতকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় রাউজান থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন ভূঁইয়ার দায়ের করা এজাহারের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামি মো. দৌলতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম।