
দালালের প্রলোভনে না পড়ে বিদেশ যাওয়ার সময় সবাইকে ভালোভাবে জেনে এবং লাভ-ক্ষতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. সামসুজ্জামান।
বুধবার (১৫ এপ্রিল) সদর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে বিদেশফেরত নারী ও শিশুদের অধিকার রক্ষা এবং তাঁদের প্রাপ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এক দক্ষতা উন্নয়ন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. সামসুজ্জামান এই আহ্বান জানান। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অভিবাসনপ্রবণ জেলা নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. সামসুজ্জামান নিরাপদ ও নিয়মিত অভিবাসন বিষয়ে সর্বস্তরের মানুষের কাছে সচেতনতামূলক তথ্য পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি কর্মকর্তা মানিক মোহাম্মদ তৈমুর গোফরান জানান, বিদেশে যাওয়ার আগে ভিসার শর্ত, কাজের ধরন এবং ভাষা সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি। যথাযথ প্রশিক্ষণ ও প্রস্তুতি নিয়ে বিদেশে গেলে একদিকে যেমন ঝুঁকি কমে, অন্যদিকে সফলতার সম্ভাবনাও বাড়ে বলে মন্তব্য করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কর্মকর্তা মানিক মোহাম্মদ তৈমুর গোফরান।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত কর জানান, বিদেশফেরত নারী ও শিশুদের পাশে সরকারি-বেসরকারি সব সংস্থাকে দাঁড়াতে হবে। বিশেষ করে অনেক নারী বিদেশে গিয়ে নানা টেকনিক্যাল কাজে দক্ষতা অর্জন করেছেন উল্লেখ করে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত কর আরও জানান, দক্ষ জনশক্তি দেশের সম্পদ, তাই তাদের কর্মসংস্থানের জন্য সবার উদ্যোগী হওয়া উচিত।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র অফিসার তানজিনা সুলতানা সেঁজুতি এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিজিওনাল এমআরএসসি কোঅর্ডিনেটর নূরুল ইসলাম। আলোচনায় আরও বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক হেলেনা নুর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মো. মিজানুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি, আইনজীবী, গণমাধ্যমকর্মী, উদ্যোক্তা এবং বিদেশফেরত নারী অভিবাসী ও তাঁদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত সবাই বিদেশফেরত নারী অভিবাসীদের অধিকার রক্ষা এবং তাঁদের সামাজিক ও অর্থনৈতিক পুনরেকত্রীকরণে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, উন্নয়ন সংস্থা ব্র্যাক ১৯৭২ সালের প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ২০০৬ সাল থেকে দেশের অভিবাসনপ্রবণ জেলাসমূহে বিদেশগামী নারী ও পুরুষের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে এবং মানব পাচার রুখতে বিভিন্ন সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।