সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

‘শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই’

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৫ এপ্রিল ২০২৬ | ৬:১৫ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী আশিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) দিপন কান্তি দে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. ইউসুফ আলী।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দীপক কান্তি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল আমিন, সিনিয়র শিক্ষক শাকিল আহমেদ, সাঈদুল হক চৌধুরী, শর্মিলা দাশ, নুরুচ্ছফা, অজিত চৌধুরী, হাফিজুল ইসলাম, রোকসানা আকতার, নিপুল পাল ও রাশেদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে সহকারী শিক্ষক নাফিসা রিফাত পারভীন, কার্তিক নাথ, রবিউল আলম, রাজিয়া সুলতানা এবং ফারিয়া রহমান বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) দিপন কান্তি দে জানান, শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও সৃজনশীলতা গড়ে তোলে বলে মন্তব্য করেন দিপন কান্তি দে।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক আবদুল জলিল জানান, বিদ্যালয় শুধু শিক্ষার জায়গা নয়, এটি একজন শিক্ষার্থীর চরিত্র গঠনের অন্যতম ভিত্তি। শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিকতায় সমৃদ্ধ করে গড়ে তোলার চেষ্টার কথা তুলে ধরেন প্রধান শিক্ষক আবদুল জলিল।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।