সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মিরসরাইয়ে ডাকাতির ৮ ঘণ্টার মধ্যে টাকা ও অস্ত্রসহ দুজন গ্রেপ্তার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৫ এপ্রিল ২০২৬ | ৬:১৯ অপরাহ্ন


চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীদের কুপিয়ে ৩ লাখ টাকা ডাকাতির ঘটনার আট ঘণ্টার মধ্যে টাকা ও দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছরা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ওই দুজন হলেন সাবেক সেনাসদস্য ও মুরগি ব্যবসায়ী মো. নাহিদ হোসেন বাবু (২৯) এবং তার সহযোগী সাহেদ আহমেদ রিয়াজ (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে সাবেক সেনাসদস্য মো. নাহিদ হোসেন বাবুর খামার থেকে মুরগি কিনতে মিঠাছরা বাজারে আসেন চট্টগ্রামের ‘জালালিয়া চিকেন সাপ্লাই’ নামের একটি প্রতিষ্ঠানের ৬ জন কর্মকর্তা। এ সময় ওই কর্মকর্তাদের সুকৌশলে সদর ইউনিয়নের কামার গ্রামের শ্মশান এলাকায় নিয়ে যান অভিযুক্তরা। সেখানে তাদের কুপিয়ে মারাত্মক জখম করে নগদ ৩ লাখ ৩ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোন লুট করা হয়।

ডাকাতির ঘটনা জানাজানি হওয়ার পর মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে অভিযানে নামে পুলিশ। এ সময় মুরগি ব্যবসায়ী ও সাবেক সেনাসদস্য মো. নাহিদ হোসেন বাবুকে গ্রেপ্তার করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে মো. নাহিদ হোসেন বাবু পুলিশকে জানান, ডাকাতি শেষে লুট করা টাকা ও অস্ত্র তার সহযোগী সাহেদ আহমেদ রিয়াজের কাছে রয়েছে। পরে মিঠাছরা এলাকায় সাহেদ আহমেদ রিয়াজের বাড়িতে অভিযান চালিয়ে ৩টি রামদা, নগদ ১ লাখ ২৩ হাজার ৫০০ টাকা, ২টি কালো রঙের মুখোশ, ২টি কালো রঙের ক্যাপ এবং ১টি মোবাইল ফোনসহ সাহেদ আহমেদ রিয়াজকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, ঘটনার পরপরই পুলিশের দ্রুত পদক্ষেপে রাতের মধ্যেই আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি মো. নাহিদ হোসেন বাবু ও সাহেদ আহমেদ রিয়াজকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।