সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মিরসরাইয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় অভিযোগ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৫ এপ্রিল ২০২৬ | ৭:২০ অপরাহ্ন


চট্টগ্রামের মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) শেষরাতে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ইছাখালী ইউনিয়নের ইকোনমিক জোন এলাকায় অবস্থিত হেলথ কেয়ার লাইফ সায়েন্স লিমিটেডে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ওই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছিলেন নিরাপত্তাকর্মী মো. ইসমাইল হোসেন, নিরাপত্তাকর্মী জাহাঙ্গীর এবং নিরাপত্তাকর্মী সুলতান। বুধবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত কৌশলে প্রতিষ্ঠানের সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে চুরির চেষ্টা চালায়। এ সময় নিরাপত্তাকর্মী মো. ইসমাইল হোসেন, জাহাঙ্গীর ও সুলতান তাদের বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাদের ওপর চড়াও হয়। দুর্বৃত্তরা ওই তিন নিরাপত্তাকর্মীকে ঘেরাও করার চেষ্টা করলে তাদের চিৎকারে প্রতিষ্ঠানের অন্যান্য নিরাপত্তাকর্মী ও কর্মচারীরা ঘটনাস্থলে এগিয়ে আসেন। অবস্থা বেগতিক দেখে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। এই ঘটনায় প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

হেলথ কেয়ার লাইফ সায়েন্স লিমিটেডের হেড অব অ্যাডমিন ভূঁইয়া আবু মো. সাদাত জানান, বুধবার ভোররাতে ৫ থেকে ৬ জনের একটি সংঘবদ্ধ চোরের দল চুরির উদ্দেশ্যে তাদের প্রকল্পে প্রবেশ করে। একপর্যায়ে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের মারধরের চেষ্টা করা হলে তাদের আত্মচিৎকারে অন্যরা এগিয়ে আসেন এবং চোরের দল পালিয়ে যায়।

ভূঁইয়া আবু মো. সাদাত আরও জানান, পরবর্তীতে ইকোনমিক জোন পুলিশ ফাঁড়ির ইনচার্জকে বিষয়টি অবহিত করলে তিনি জোরারগঞ্জ থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। এরপর কর্তৃপক্ষের পক্ষ থেকে জোরারগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ভূঁইয়া আবু মো. সাদাত।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, হেলথ কেয়ার লাইফ সায়েন্স লিমিটেডের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তসাপেক্ষে খতিয়ে দেখা হচ্ছে বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক।