সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

কুকুরের তাড়া খেয়ে পাইপে আশ্রয়, হরিণ শাবক উদ্ধার করে বনে অবমুক্ত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৫ এপ্রিল ২০২৬ | ৮:২৩ অপরাহ্ন


চট্টগ্রামের মিরসরাইয়ে প্রকাশ্যে হরিণ জবাইয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার প্রায় এক মাস বয়সী একটি হরিণ শাবক উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সিপি মোড় এলাকার একটি পরিত্যক্ত পাইপের ভেতর থেকে ওই হরিণ শাবকটিকে উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে বাচ্চা হরিণটি দৌড়াতে দৌড়াতে একটি পরিত্যক্ত পাইপের ভেতরে ঢুকে পড়ে। মূলত কয়েকটি কুকুর সেটিকে ধাওয়া করলে প্রাণ বাঁচাতে শাবকটি পাইপের ভেতর আশ্রয় নেয়। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে বন বিভাগের কর্মীদের খবর দেন। খবর পেয়ে বন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হরিণশাবকটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরবর্তীতে মায়ের ডাকাডাকির শব্দ শুনতে পেয়ে হরিণশাবকটিকে নিরাপদে বনে অবমুক্ত করা হয়।

এ বিষয়ে মিরসরাই উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শাহেনশাহ নাওশাদ জানান, হরিণ জবাইয়ের ঘটনার তদন্ত চলাকালে কয়েক কিলোমিটার দূরে আরেকটি বাচ্চা হরিণ উদ্ধারের খবর পান তারা। পরে রেঞ্জ কর্মকর্তা শাহেনশাহ নাওশাদ ঘটনাস্থলে গিয়ে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে হরিণ শাবকটিকে সুস্থ অবস্থায় বনে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। রেঞ্জ কর্মকর্তা শাহেনশাহ নাওশাদ আরও জানান, উদ্ধারকৃত হরিণ শাবকটির বয়স আনুমানিক এক মাস এবং সেটি সম্পূর্ণ সুস্থ ছিল।

উল্লেখ্য, মিরসরাইয়ের উপকূলীয় অঞ্চলের বনাঞ্চল উজাড় করে অর্থনৈতিক অঞ্চলে বিভিন্ন শিল্পকারখানা গড়ে ওঠায় হরিণের অভয়ারণ্য চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে বন্য এই প্রাণীদের আবাসস্থল সংকুচিত হয়ে পড়ছে। এর আগেও বেশ কয়েকটি হরিণ লোকালয়ে চলে আসার খবর পাওয়া গেছে এবং সর্বশেষ গত শনিবার (১১ এপ্রিল) সেখানে একটি চিত্রা হরিণ জবাইয়ের মর্মান্তিক ঘটনা ঘটে।