সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মিরসরাইয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৫ এপ্রিল ২০২৬ | ৯:৩৬ অপরাহ্ন


চট্টগ্রামের মিরসরাইয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।

ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে র‍্যাব-৭ ক্যাম্পের কমান্ডার, জোরারগঞ্জ থানা পুলিশ ও র‍্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও পণ্যের গায়ে মেয়াদ উল্লেখ না থাকায় ‘মস্কো বেকার্স’কে ১০ হাজার টাকা, ‘হাজি মিষ্টি বিতান’কে ৫ হাজার টাকা এবং ‘হাজি মিষ্টি মেলা’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দোকানে মূল্য তালিকা না থাকায় ‘আলী স্টোর’কে ৫ হাজার টাকা এবং চলাচলের রাস্তায় মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ‘আনোয়ার ইলেকট্রিক’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, পণ্যের গায়ে মেয়াদ ও মূল্য তালিকা উল্লেখ না থাকা এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর অপরাধে বারইয়ারহাট পৌরসভার ওই ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের নিশ্চিত করেছেন।