সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

এসএসসি পরীক্ষা থেকেই জীবনের গতি নির্ণীত হয়: চবি উপাচার্য

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৬ এপ্রিল ২০২৬ | ৬:৫০ অপরাহ্ন


স্বপ্ন পূরণের জন্য জ্ঞান অর্জন, পরিশ্রম ও সময়ের সঠিক ব্যবহারের ওপর জোর দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. আল-ফোরকান। তিনি বলেছেন, এসএসসি পরীক্ষা থেকেই শিক্ষার্থীদের জীবনের গতি ও যাত্রা নির্ণীত হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায়, ষষ্ঠ ও একাদশ শ্রেণির নবীনবরণ, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা এবং কৃতী ছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আল-ফোরকান এসব কথা বলেন।

পরীক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি চবি উপাচার্য প্রফেসর ড. আল-ফোরকান বলেন, স্বপ্ন কখনো বাস্তবে রূপান্তরিত হয় না, যতক্ষণ না সেই স্বপ্নের পেছনে সময় ব্যয় করা হয় এবং পরিশ্রম করা হয়। এই স্বপ্ন পূরণের একমাত্র উপায় হলো জ্ঞান অর্জন করা, পরিশ্রম করা এবং সময় দেওয়া।

শিক্ষার্থীদের রাতে ঘুমানোর আগে সারা দিনের পড়াশোনা ও নিজের কাজের হিসাব মেলানোর পরামর্শ দিয়ে চবি উপাচার্য প্রফেসর ড. আল-ফোরকান আরও বলেন, এসএসসি পরীক্ষার্থীরা জীবনের প্রথম কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে, যেখান থেকে তাদের জীবনের গতি নির্ণীত হবে। তাই যে সময়টুকু হাতে আছে, তার প্রতি যত্নবান হতে হবে এবং যেখানে ঘাটতি আছে, তা পূরণ করতে হবে।

বিদ্যালয়ের পাঠ শেষ করে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি নিজেদের মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলারও আহ্বান জানান চবি উপাচার্য প্রফেসর ড. আল-ফোরকান।

হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি এবং হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্যসচিব গিয়াস উদ্দিন, গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য গোবিন্দ প্রসাদ মহাজন, রাজনীতিবিদ লায়ন সালাউদ্দিন আলী এবং ছাত্রনেতা তকিবুল হাসান তকি।

প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শাহাদাত হোসেন, সহকারী শিক্ষক শামিম আকতার ও প্রভাষক মো. হাসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বর্তমান প্রতিষ্ঠান প্রধান মোহাম্মদ গিয়াস উদ্দিন।

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক সমিতির সভাপতি শেখ আহমদ, অ্যাডভোকেট রিয়াদ উদ্দিন, পরিচালনা পরিষদের সাবেক সদস্য জসীম উদ্দিন বাবুল, পরিচালনা পরিষদের সাবেক সদস্য আবদুল মান্নান দৌলত এবং পরিচালনা পরিষদের সাবেক সদস্য কামরুল হাসান কাদেরী।

অনুষ্ঠান শেষে বিদায়ী তিন শিক্ষক—সাবেক প্রতিষ্ঠান প্রধান আলী আহমদ, সিনিয়র শিক্ষক অজিউল্লাহ এবং সিনিয়র শিক্ষক কামরুন্নাহার চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া কৃতী ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।