সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান চসিক মেয়রের

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৬ এপ্রিল ২০২৬ | ৬:৫৭ অপরাহ্ন


চট্টগ্রামের পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, বই পড়ার অভ্যাস এবং মানবিক মূল্যবোধে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়কের নয়াহাট সংলগ্ন পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ, এসএসসি পরীক্ষার্থী ও বিদায়ী শিক্ষিকা সিমা মুৎসুদ্দির বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন।

অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, তবে এই মেরুদণ্ডকে শক্ত করতে হলে শুধু অবকাঠামো নয়, জ্ঞানের ভাণ্ডার ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ হতে হবে। দেশে সম্মান ও নৈতিকতার ঘাটতি দেখা যাচ্ছে উল্লেখ করে মেয়র ডা. শাহাদাত হোসেন আরও বলেন, বর্তমানে কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়া হলেও সমাজ নৈতিক শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে, যা আমাদের অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষিকা সিমা মুৎসুদ্দিকে ক্রেস্ট প্রদান করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। দীর্ঘ ৩০ বছর ধরে সেবা দেওয়া বিদায়ী শিক্ষিকা সিমা মুৎসুদ্দিকে সম্মান জানানোর বিষয়টি শিক্ষার্থীদের জন্য একটি মূল্যবান শিক্ষা বলে মন্তব্য করেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়নি এবং বই জ্ঞান সমৃদ্ধ করবে। তিনি শিক্ষার্থীদের ফুলের পরিবর্তে বই উপহার দেওয়ার অভ্যাস গড়ে তোলার এবং বিভিন্ন মনীষীর জীবনী পড়ার আহ্বান জানান।

শিক্ষার্থীদের সাহসিকতার সঙ্গে নিজেদের অধিকার দাবি করার পরামর্শ দেন মেয়র ডা. শাহাদাত হোসেন। অভিভাবক ও সমাজের প্রবীণদের শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, একসময় মুরুব্বিরা শিক্ষার্থীদের খোঁজখবর নিতেন, সেই পরিবেশ আবার ফিরিয়ে আনতে হবে। স্বাস্থ্য সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের সকালে নাশতা করে স্কুলে আসার পরামর্শ দেন তিনি।

মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, সিটি কর্পোরেশনের অধীনে স্কুল-কলেজে ‘স্কুল হেলথ স্কিম’ চালু করা হয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং বিভিন্ন পরীক্ষায় ছাড় পাবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে এবং পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজহারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মো. নেজামুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এস এম নাছির উদ্দীন মহিলা কলেজ গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য জি এম আইয়ুব খান, রাজনীতিবিদ শামসুল আলম এবং পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ ইদ্রিস আলী।

এছাড়াও এই আয়োজনে উপস্থিত ছিলেন পাঁচলাইশ এস এম নাছির উদ্দীন মহিলা কলেজের অধ্যক্ষ জারেকা বেগম, কিন্ডারগার্টেনের অধ্যক্ষ আফরোজা ইয়াসমিন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য আইয়ুব আলী, অভিভাবক সদস্য রাশেদুল আলম, অভিভাবক সদস্য সুমি আকতার, রাজনীতিবিদ এস এম আবুল কালাম আবু, রাজনীতিবিদ মোরশেদুল আলম, রাজনীতিবিদ লিয়াকত আলী জসিম, রাজনীতিবিদ জানে আলম সোহেল, রাজনীতিবিদ ইসমাঈল হোসেন বালি, রাজনীতিবিদ ফিরোজ মাহমুদ এবং রাজনীতিবিদ ইসমাইল মির্জা।