সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সাংবাদিকতার চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ নিয়ে ঢাকায় ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স’

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৬ এপ্রিল ২০২৬ | ৮:১০ অপরাহ্ন


স্বাধীন সাংবাদিকতার সামনে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে ঢাকায় দুই দিনব্যাপী ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ৮ ও ৯ মে রাজধানীর র‍্যাডিসন ব্লু হোটেলে এই সম্মেলন আয়োজন করছে মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)।

বৃহস্পতিবার সকালে রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান সম্মেলনের বিস্তারিত তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

এমআরডিআইয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ সম্মেলনে পাঁচ শতাধিক অংশগ্রহণকারী এবং ১০টির বেশি দেশের সাংবাদিকতা বিষয়ক বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মধ্যে কানাডার টরন্টো স্টারের সাবেক সম্পাদক মাইকেল কুক, অনুসন্ধানী সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা জুলিয়ান শের, পাকিস্তানের ডন পত্রিকার সম্পাদক জাফর আব্বাস এবং নেপালি টাইমসের কুন্দা দীক্ষিত এই সম্মেলনে অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে হাসিবুর রহমান বলেন, নতুন গণতান্ত্রিক প্রেক্ষাপটে সংবাদমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা তুলে ধরা জরুরি। এই আয়োজনের মাধ্যমে মালিক, সম্পাদক, সাংবাদিক, গবেষক, উন্নয়নকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের একটি প্ল্যাটফর্মে আনা হচ্ছে, যাতে সাংবাদিকতার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া যায়।

তিনি জানান, বাংলাদেশের সাংবাদিকরা সাধারণত এ ধরনের সম্মেলনে অংশ নেওয়ার খুব কম সুযোগ পান। তাই এই আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে সংযোগ ও সহযোগিতা বাড়ানো সম্ভব হবে।

কনফারেন্সের আলোচনায় বস্তুনিষ্ঠ অনুসন্ধান, প্রযুক্তিগত পরিবর্তনের মুখে নীতি-নৈতিকতা রক্ষা, গণমাধ্যমের প্রতি জনআস্থার সংকট কাটাতে জবাবদিহির কাঠামো তৈরি এবং অন্তর্ভুক্তিমূলক নিউজরুমে নারীদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।

আয়োজকরা জানান, দুই দিনের এই সম্মেলনে মোট ১২টি সেশন অনুষ্ঠিত হবে, যেখানে ২০ জনের বেশি আলোচক অংশ নেবেন। মূল অধিবেশনের পাশাপাশি থিমেটিক সেশন, প্যারালাল ট্র্যাক ও মাস্টারক্লাস থাকবে। এ ছাড়া সম্মেলনস্থলে অনুসন্ধানী সাংবাদিকতা, তথ্য অধিকার, ফ্যাক্ট-চেকিং এবং মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য চারটি হেল্পডেস্ক স্থাপন করা হবে।

সম্মেলনে অংশ নিতে আগ্রহী সাংবাদিক, এমআরডিআইয়ের সাবেক শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী ও অন্যান্য পেশাজীবীদের এমআরডিআইয়ের নির্ধারিত ওয়েবসাইটে (https://bdjc.mrdibd.org/) নিবন্ধন করতে হবে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে এই নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে আবেদন নেওয়া হলেও আয়োজকরা বাছাই প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত অংশগ্রহণকারীদের নির্বাচন করবেন।

শিক্ষার্থীদের অংশগ্রহণের ক্ষেত্রে এমআরডিআইয়ের বেসিক জার্নালিজমের অনলাইন কোর্স সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে এবং এই কোর্সে সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

পাশাপাশি ঢাকার বাইরের ১৫ জন সাংবাদিকের জন্য ফেলোশিপের ব্যবস্থা রাখা হয়েছে। আবেদনকারীদের আগে থেকেই স্টোরি আইডিয়া জমা দিতে হবে এবং মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিতদের এমআরডিআই মেন্টরশিপ ও প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেবে।

এই আয়োজনে নলেজ পার্টনার হিসেবে গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক (জিআইজেএন), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং সুইডিশ সরকার যুক্ত থাকছে। প্লাটিনাম পার্টনার হিসেবে রয়েছে ইউনেসকো ও জাতিসংঘের ‘ব্যালট প্রোগ্রাম’।