
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো এলাকায় মারামারির একটি মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িয়ে হয়রানি করার অভিযোগ করেছেন ভূজপুর থানা যুবদলের সাবেক আহ্বায়ক নুরুল আমিন আযাদ।
বৃহস্পতিবার রাতে ফটিকছড়ি উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তিনি এই অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে নুরুল আমিন আযাদ দাবি করেন, সম্প্রতি হেঁয়াকো এলাকায় সংঘটিত ওই মারামারির ঘটনার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই একটি মহল পরিকল্পিতভাবে তাকে এই মামলায় জড়িয়েছে।
দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করে নুরুল আমিন আযাদ বলেন, তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার লক্ষ্যেই এমন ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে।
তিনি অভিযোগ করেন, এলাকায় একটি প্রভাবশালী চক্র বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, লুটপাট ও দখলবাজিতে জড়িত। এসব অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তাকে প্রতিহিংসার শিকার হতে হয়েছে।
নুরুল আমিন আযাদ আরও জানান, এর আগে দায়ের করা আরেকটি মামলায় তিনি বর্তমানে জামিনে রয়েছেন এবং চলমান মামলাটিও তাকে হয়রানি করার একই কৌশলের অংশ বলে তিনি মনে করেন।
প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে নুরুল আমিন আযাদ প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান। একই সঙ্গে তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা না হলে আগামীতে আন্দোলনসহ নানা কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন তিনি।
আয়োজিত এই সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।