সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পটিয়ার স্বার্থে সবাই এক: এমপি এনাম

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৭ এপ্রিল ২০২৬ | ৪:৪৩ অপরাহ্ন


রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক হলেও পটিয়ার সার্বিক উন্নয়নের প্রশ্নে সবাই এক ও অভিন্ন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

তিনি বলেছেন, আমরা ভিন্ন মতের হতে পারি, কিন্তু পটিয়ার স্বার্থে আমরা সবাই এক। আমি কোনো নির্দিষ্ট দলের নই—আমি সবার, আমি জনগণের।

শুক্রবার দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার ডেঙ্গাপাড়া গ্রামের শতবর্ষী পূর্ব ডেঙ্গাপাড়া জামে মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মসজিদকে আল্লাহর ঘর উল্লেখ করে এর নির্মাণে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান এই সংসদ সদস্য।

এ সময় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে এনামুল হক এনাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে ছবি টাঙানোর পরিবর্তে “লা ইলাহা ইল্লাল্লাহু” লিখে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এছাড়া বর্তমান সরকার ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ভাতার ব্যবস্থাও করেছে।

পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ চৌধুরীর সঞ্চালনায় এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোজাম্মেল হক, উপজেলা বিএনপি নেতা মঈনুল আলম ছোটন, শফিকুল আলম চেয়ারম্যান, সিআইপি আবুল বশর, শফিউল আলম বাদশা, দক্ষিণ ভূর্ষি বিএনপির সাবেক সেক্রেটারি আবছার উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব অহিদুল আলম পিবলু, পৌরসভা যুবদলের সাবেক সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাবলু, মসজিদ কমিটির সহ-সভাপতি নাজিম উদ্দিন এবং ছাত্রদল নেতা এস এম নয়নসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।