সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

আগামী বছর হজের খরচ আরও কমানোর চেষ্টা থাকবে: প্রধানমন্ত্রী

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৮ এপ্রিল ২০২৬ | ৭:৩৪ পূর্বাহ্ন


আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর জন্য সরকার চেষ্টা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি বছরের প্রথম হজ ফ্লাইটের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

হজযাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আশা করি, আগামী বছর যারা হজে যাবেন তাদের জন্য আরেকটু খরচ কমাতে পারব। আমরা চেষ্টা করছি আরও ভালো করার, যাতে আগামী বছর থেকে হজযাত্রীদের কষ্ট কম হয়।

এ বছর হজের খরচ খুব বেশি কমাতে না পারার কারণ ব্যাখ্যা করে সরকারপ্রধান বলেন, আমরা সরকার গঠন করেছি ফেব্রুয়ারির ১৮ তারিখ। আর এবার হজের ব্যবস্থাপনা হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে। সেজন্য আমরা এসে খুব বেশি কিছু করার সুযোগ পাইনি।

তারপরও যতটুকু সম্ভব চেষ্টা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এবার একটা জিনিস করতে পেরেছি সেটা হলো হজের খরচ ১২ হাজার টাকার মতো কমাতে পেরেছি।

হজযাত্রীদের কাছে দেশের মানুষের জন্য দোয়া চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আপনারা আল্লাহর ঘরে যাচ্ছেন। দেশের জন্য দোয়া করবেন যাতে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। আমিও দোয়া করি আপনারা যেন সুস্বাস্থ্য নিয়ে দেশে ফিরতে পারেন।

শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ, ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, বেসামরিক বিমান চলাচল সচিব ফাহমিদা আখতার এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন।