সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন বোর্ডে চট্টগ্রামের ৩৬ নেত্রী

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৮ এপ্রিল ২০২৬ | ৯:০৫ পূর্বাহ্ন

বিএনপি লোগো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী চট্টগ্রামের ৩৬ জন নেত্রী দলের মনোনয়ন বোর্ডের ডাক পেয়েছেন। শনিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে তাদের সাক্ষাৎকার নেবেন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মনোনয়নপ্রত্যাশী এই নেত্রীরা বলছেন, দলের ‘দুঃসময়ে’ আন্দোলন-সংগ্রামে তারা পাশে ছিলেন, তাই দল তাদের এই ত্যাগের মূল্যায়ন করবে। তবে বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন, দলের জন্য অবদানের পাশাপাশি সংসদে কথা বলা ও আইন প্রণয়নের ক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান ও শিক্ষাকেও প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে বিবেচনায় নেবে মনোনয়ন বোর্ড।

জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে বিএনপি জোটের জন্য ৩৬টি আসন বরাদ্দ রয়েছে। দল ও জোটের বরাদ্দ পাওয়া আসনের সমান সংখ্যক প্রার্থী হলে আর ভোটের প্রয়োজন হবে না, ফলে মনোনয়ন বোর্ড যাদের চূড়ান্ত করবে তারা বিনা ভোটেই নির্বাচিত হবেন।

গত ৮ এপ্রিল সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ১২ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন ভবনে ভোট গ্রহণ করা হবে। এর আগে ২১ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল দায়ের ২৬ এপ্রিল এবং নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।

বিএনপি সূত্রে জানা যায়, সারা দেশ থেকে এক হাজারের বেশি নারী নেত্রী সংরক্ষিত আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। শুক্রবার রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও ফরিদপুর সাংগঠনিক বিভাগের চার শতাধিক প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়। শনিবার বেলা ৩টা থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার কথা রয়েছে।

শনিবার মনোনয়ন বোর্ডে সাক্ষাৎকার দেওয়ার জন্য চট্টগ্রামের যেসব নেত্রী ডাক পেয়েছেন তারা হলেন– জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেত্রী ব্যারিস্টার সাকিলা ফারজানা, নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, আফরোজা বেগম, মোছাম্মৎ শাহেনেওয়াজ চৌধুরী, এস এম নুসরাত ইকবাল, নাছিমা আক্তার চৌধুরী, আইরীন পারভীন খন্দকার, ফরিদা আকতার, ডা. কামরুন নাহার, ড. নাছিমা ইসলাম চৌধুরী বৃষ্টি, রীনা আকতার, দিল আফরোজ সুলতানা চৌধুরী, নাজমা আকতার, জিনাতুন নেছা জিনু, ইয়াসমিন খান, ডা. লুসি খান, অ্যাডভোকেট হাসনা হেনা, আয়শা আকতার সানজি, সায়মা আহমেদ, নাসিমা সাফা কামাল, বিবি হাজেরা সাদাত আলম, জান্নাতুল নাঈম চৌধুরী রিকু, নাজনীন মাহমুদ, জেলী চৌধুরী, গোলতাজ বেগম, অ্যাডভোকেট কানিজ কাউসার চৌধুরী, মাহমুদা সুলতানা চৌধুরী ঝর্ণা, ডা. ফারাহনাজ মাবুদ (সিলভী), নুরী আরা সাফা, মেহেরুন নেছা নার্গিস, ফারহানা ইয়াছমিন চৌধুরী আঁখি, মোছাম্মৎ সুলতানা বেগম (আঁখি সুলতানা), রৌশন আখতার, সুলতানা পারভীন, ডা. ফারহানা আফরোজ চৌধুরী এবং জেসমিনা খানম।