
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আগুনে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে; এতে সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে তিনটি দরিদ্র পরিবার।
শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার নাজিরহাট পৌরসভার সুয়াবিল টেকের দোকান সংলগ্ন বখতেয়ার তালুকদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- ওই এলাকার ছালাহ উদ্দিন, তার ভাই মোহাম্মদ এনাম এবং আবুল কাশেম।
ফায়ার সার্ভিসের ধারণা, রান্নার চুলা থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তেই তা সবখানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই টিনশেডের ওই ঘরগুলো মালামালসহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, গভীর রাতে খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই বসতঘরগুলো পুড়ে যায়। তবে তারা আশপাশের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে সক্ষম হন এবং কিছু মালামাল উদ্ধার করেন। প্রাথমিকভাবে চুলার আগুন থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে তারা ধারণা করছেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খুবই দরিদ্র ও অসহায়। আগুনে তাদের ঘরের কোনো সম্পদই রক্ষা করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দা মো. এয়াকুব আলী বাদশা সর্বহারা এই পরিবারগুলোর সাহায্যে এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে নাজিরহাট পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. আবছার উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনকে সাধ্যমতো সহায়তার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।