সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সাতকানিয়ায় ভোররাতে প্রশাসনের অভিযান: মাটি কাটার এস্কেভেটর বিকল, জরিমানা ৫০ হাজার

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৮ এপ্রিল ২০২৬ | ১২:০৭ অপরাহ্ন


চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভোররাতে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত টানা চার ঘণ্টার এই অভিযানে কয়েকটি এস্কেভেটর বিকল করে দেওয়ার পাশাপাশি এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার নাপিতের চর এলাকায় অবৈধভাবে মাটি কাটার সময় একটি এস্কেভেটর ও তিনটি ডাম্পার শনাক্ত করা হয়। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে এস্কেভেটরটির কার্যক্রম বন্ধ করে দেয় প্রশাসন। একই সময়ে মৌলভীর দোকান এলাকায় জাফর আহমেদ চৌধুরী কলেজ সংলগ্ন স্থানে মাটি কাটার সঙ্গে জড়িত আরও দুটি এস্কেভেটর বিকল করে দেওয়া হয়।

অভিযানের সময় অকৃষি জমিতে মাটি কাটার অনুমতির অপব্যবহার করে কৃষিজমির মাটি কাটার প্রমাণ পায় প্রশাসন। এই অভিযোগে উত্তর ছদাহা এলাকার মো. সোহেল (৪০) নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কৃষিজমির উর্বর মাটি কেটে নিয়ে যাচ্ছে। এর ফলে ওই এলাকার কৃষি উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।

এ বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান জানান, অবৈধভাবে মাটি কাটা কোনোভাবেই সহ্য করা হবে না। যারা অনুমতির অপব্যবহার করে কৃষিজমির ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পরিবেশ ও কৃষিজমি রক্ষায় প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং কোনো প্রভাবশালী মহলের চাপের কাছে নতি স্বীকার করা হবে না বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন।