সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রাঙ্গুনিয়াকে মাদকমুক্ত করতে মাদক কারবারিদের তালিকা চাইলেন এমপি হুমাম

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৮ এপ্রিল ২০২৬ | ৭:১৮ অপরাহ্ন


রাঙ্গুনিয়াকে মাদকমুক্ত করে যুবসমাজকে রক্ষা করতে মাদকসেবী ও কারবারিদের তালিকা সরাসরি নিজের কাছে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

শুক্রবার (১৭ এপ্রিল) বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) আয়োজনে উপজেলার পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী খালের ওপর নির্মিত বক্স কালভার্ট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

হুমাম কাদের চৌধুরী বলেন, “আপনাদের এলাকায় যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে ধরিয়ে দিতে হবে। অনেক সময় বলা হয়, ছেলেটা খারাপ হয়ে গেছে, কিছুদিন পর ঠিক হয়ে যাবে। কিন্তু এটি ভুল ধারণা, এভাবে কেউ ভালো হয় না। প্রয়োজনে এক বছর জেলে থাকলে সে ভালো হয়ে যেতে পারে। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। মাদক কারবারিদের তালিকা প্রশাসনকে দিতে ভয় পেলে আমাকে দিন, আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

তিনি আরও বলেন, সমাজকে ঠিক করতে না পারলে রাঙ্গুনিয়ার উন্নয়নও থেমে থাকবে।

রাঙ্গুনিয়ার উন্নয়নে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, “আজ আরেকটি ওয়াদা করে যাচ্ছি—রাঙ্গুনিয়ায় যখনই ঢুকব, নতুন কিছু নিয়ে আসব।”

তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা এবং পদুয়ায় একটি হাসপাতাল নির্মাণের জন্য ইতোমধ্যে আবেদন করা হয়েছে। পাশাপাশি, গত ২০-২৫ বছর ধরে কাপ্তাই সড়ক চার লেন করার প্রতিশ্রুতি দিয়ে আসা হলেও আগামী সপ্তাহেই এর কাজ উদ্বোধন করা হবে বলে ঘোষণা দেন তিনি।

হুমাম কাদের বলেন, “এই ছোট ছোট কাজগুলো আমরা যদি সময়মতো করতে পারি, তাহলে ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে রাঙ্গুনিয়ার চেহারা পাল্টে দেওয়া সম্ভব।”

তিনি উল্লেখ করেন, রাঙ্গুনিয়ায় সম্ভবত প্রথমবারের মতো একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে, যেখানে কাউকে চাঁদা দিতে হয়নি এবং নির্ধারিত সময়েই এর কাজ শেষ হয়েছে।

নিজ দলের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, “বক্তৃতা দিয়ে আর ভোট হবে না, এবার কাজের মাধ্যমে ভোট আসবে। সামনে ইউনিয়ন নির্বাচন রয়েছে। এই নির্বাচনে আপনাদের কাজ মানুষ না দেখলে কেউ ভোট দেবে না। তাই নিজেদের প্রস্তুত করে কাজে নামতে হবে।”

বিএডিসি চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী প্রকৌশলী তমাল দাশের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানের আগে একই দিন বিকেলে উপজেলার মৃতপ্রায় শিলক খাল পুনঃখনন কাজেরও উদ্বোধন করেন হুমাম কাদের চৌধুরী।