সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

হাটহাজারীতে ট্রাকচাপায় কৃষকদল কর্মীকে হত্যার অভিযোগ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৮ এপ্রিল ২০২৬ | ১১:০৩ অপরাহ্ন


চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাকচাপায় মো. কামরুল হাসান ফয়সাল (৩৫) নামের এক কৃষকদল কর্মীকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

এক সন্তানের জনক নিহত মো. কামরুল হাসান ফয়সাল মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাকর আলী চৌধুরী বাড়ির সাবেক মেম্বার মৃত আবদুল মালেক বাবুলের পুত্র। তিনি উপজেলা কৃষকদলের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারহাট বাজার এলাকায় একটি ড্রাম ট্রাকের চাপায় মো. কামরুল হাসান ফয়সাল গুরুতর আহত হন। এ সময় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের যুগ্ম-সম্পাদক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল ও নিহত মো. কামরুল হাসান ফয়সালের পরিবার অভিযোগ করে জানান, পূর্ব শত্রুতার জেরে গত কয়েক দিন ধরে জুয়েল নামের এক যুবক ও তার সহযোগীরা মো. কামরুল হাসান ফয়সালকে হত্যা করতে চাচ্ছিল। এরই জেরে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সরকারহাট বাজার এলাকায় জুয়েল ও তার সহযোগীরা ড্রাম ট্রাক চাপা দিয়ে তাকে হত্যা করেছে বলে তারা দাবি করেন।

লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল এই হত্যাকাণ্ডের ঘটনায় হাটহাজারীর সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের দৃষ্টি আকর্ষণ করেছেন। একইসঙ্গে তিনি মো. কামরুল হাসান ফয়সাল হত্যাকাণ্ডের মূল চক্র জুয়েল ও তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী রাত সাড়ে ৯টার দিকে জানান, তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন এবং পুরো বিষয়টি তদন্ত করে মো. কামরুল হাসান ফয়সালের মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।