সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

নিষিদ্ধ সময়ে মাছ শিকার: চকরিয়ায় ৫ ড্রাম সামুদ্রিক মাছ জব্দ, নিলামে বিক্রি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৬ | ৮:১৭ পূর্বাহ্ন


বঙ্গোপসাগরে মাছের প্রজনন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সরকারি পরিকল্পনার অংশ হিসেবে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত টানা ৫৮ দিন সব ধরনের সামুদ্রিক মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে মৎস্য অধিদপ্তর। সারা দেশের মতো কক্সবাজারের চকরিয়া উপজেলাতেও সরকারি এই বিধিনিষেধ বাস্তবায়নে নজরদারি জোরদার করা হয়েছে।

তবে অভিযোগ উঠেছে, মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশের কঠোর নজরদারি এড়িয়ে কিছু অসাধু শিকারি কৌশলে চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের সাগর থেকে সামুদ্রিক মাছ আহরণ চালিয়ে যাচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হয়ে শনিবার বিকালে চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালী এলাকায় অভিযান চালানো হয়। চকরিয়ার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আনোয়ারুল আমিন নৌ-পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আনোয়ারুল আমিন জানান, সরকারি নির্দেশনা মোতাবেক মাছ ধরা নিষিদ্ধ থাকলেও কিছু জেলে কৌশলে মাছ শিকার করছে। বিষয়টি জানতে পেরে বদরখালী নৌ-পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ৫ ড্রাম সামুদ্রিক ওলুয়া মাছ জব্দ করা হয়।

পরে নৌ-থানায় জব্দকৃত ৫ ড্রাম মাছ উন্মুক্ত নিলামে তুলে ২৭ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। নিলাম থেকে প্রাপ্ত এই অর্থ ইতোমধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সাগর ও উপকূলে মাছ আহরণ নিষিদ্ধ থাকার এই সময়ে সরকার নিবন্ধিত জেলেদের মাঝে খাদ্যশস্য বরাদ্দ দিয়ে ইতোমধ্যে বিতরণ কার্যক্রম শুরু করেছে। এর অংশ হিসেবে চকরিয়া উপজেলার জেলেরাও যথাসময়ে এই সরকারি সহায়তা পাবেন বলে নিশ্চিত করেছেন মো. আনোয়ারুল আমিন।