সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রেলমন্ত্রীর সঙ্গে চবি ছাত্রদল নেতাদের সাক্ষাৎ: নতুন শাটল ট্রেন ও বগি বৃদ্ধির আশ্বাস

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৬ | ১১:৪৫ পূর্বাহ্ন


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান মাধ্যম শাটল ট্রেনের বিভিন্ন সংকট নিরসনের দাবিতে রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতারা। এ সময় মন্ত্রী চবি শিক্ষার্থীদের জন্য শিগগিরই নতুন শাটল ট্রেন চালু এবং বিদ্যমান ট্রেনে বগি বৃদ্ধির আশ্বাস দিয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) রাত দশটার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে রেলমন্ত্রীর সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে এতে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আজিজুল হক মামুন, প্রচার সম্পাদক ও শাহজালাল হল সংসদের এজিএস ইমতিয়াজ জাবেদ এবং মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাহার হোসেন ইশতিয়াক।

সাক্ষাৎকালে ছাত্রদল নেতারা রেলমন্ত্রীর কাছে শাটল ট্রেনে যাতায়াতে শিক্ষার্থীদের অবর্ণনীয় দুর্ভোগের চিত্র বিস্তারিতভাবে তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এক জোড়া নতুন শাটল ট্রেন বরাদ্দ, বিদ্যমান ট্রেনগুলোতে বগি বৃদ্ধি এবং যাতায়াতের সময় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

এ বিষয়ে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান জানান, শাটল ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবেগের জায়গা হলেও আসন সংকট ও নিরাপত্তাহীনতার কারণে বর্তমানে তা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২৮ হাজার শিক্ষার্থীর মধ্যে অর্ধেকের বেশি এই ট্রেনে যাতায়াত করেন।

তিনি আরও জানান, সার্বিক দিক বিবেচনা করে ছাত্রদলের পক্ষ থেকে রেলমন্ত্রীর কাছে এসব সমস্যার কথা তুলে ধরা হয়েছে। রেলমন্ত্রী দাবিগুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে নতুন শাটল ট্রেন দেওয়া ও বগি বৃদ্ধির বিষয়ে আশ্বস্ত করেছেন।