সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মানিকছড়িতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি | প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৬ | ১:২৫ অপরাহ্ন


খাগড়াছড়ির মানিকছড়িতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার এবং উচ্চফলনশীল বীজ বিতরণ করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি কার্যালয়ের হলরুমে (গোডাউন সংলগ্ন) এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এই কর্মসূচির অধীনে মানিকছড়ি উপজেলার ৪টি ইউনিয়নের মোট ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ব্রি-ধান ৯৮ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়া। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হান, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাশেদ, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উথাইপ্রু মারমা এবং সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আমির হোসেন।

পাশাপাশি উপ-সহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার নাথ, জুয়েল মনি চাকমা, পাপড়ি বড়ুয়া, মো. জিয়াউর রহমান, শুভ বড়ুয়া, উথাইপ্রু মারমা এবং উৎপল রায়সহ এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীরা এই সার ও বীজ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।