সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ কিশোরের মৃত্যু

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৬ | ২:৫০ অপরাহ্ন


পহেলা বৈশাখের দিন ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হওয়া মোহাম্মদ ওয়াজেদ (১৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ (১৯ এপ্রিল) ভোর সাড়ে চারটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য মো. বেলাল উদ্দিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল বিদ্যুৎস্পৃষ্টে শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যাওয়া অবস্থায় ওয়াজেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর থেকে সেখানেই তার চিকিৎসা চলছিল। কিন্তু শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটতে থাকায় চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে আজ ভোরে সে না ফেরার দেশে পাড়ি জমায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পহেলা বৈশাখের দিন উপজেলার আমিলাইষ ব্যাংক মাঠ সংলগ্ন এলাকায় একটি ভবনের ছাদে উঠেছিল ওয়াজেদ। সেখানে বিদ্যুতের লাইনের সংস্পর্শে এলে সে মারাত্মকভাবে দগ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওয়াজেদের অকাল মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। তার স্বজন ও স্থানীয় বাসিন্দারা এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে অবিলম্বে আবাসিক এলাকায় বিদ্যুৎ লাইনের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।