সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চন্দনাইশে স্বাস্থ্য ক্যাম্পে ৬৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা

লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি ও সালমা আদিল ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৬ | ৭:১৫ অপরাহ্ন


চট্টগ্রামের চন্দনাইশে লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি এবং সালমা আদিল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) উপজেলার ফতেহনগর শরিফুন্নেছা-নজীর উদ্দিন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই ক্যাম্পে ৬৫০ জন এলাকাবাসীকে চক্ষু পরীক্ষাসহ বিভিন্ন চিকিৎসাসেবা দেওয়া হয়।

দিনব্যাপী এই স্বাস্থ্য ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য ৮৫ জন রোগীকে বাছাই করা হয় এবং চোখের সমস্যা থাকা ১৬০ জন রোগীকে চশমা দেওয়া হয়। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে ৩০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় এবং ৩৬০ জনের ডায়াবেটিস পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসাপরামর্শ দেওয়া হয়।

চিকিৎসাসেবা কার্যক্রম শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লায়ন্স ক্লাবের জেলা গভর্নর লায়ন মুসলেহ উদ্দিন অপু। এ সময় তিনি বিশ্বব্যাপী লায়ন্স সদস্যদের নিজস্ব তহবিলে পরিচালিত মানবসেবামূলক কার্যক্রমের কথা তুলে ধরেন। প্রত্যন্ত অঞ্চলে এই চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ায় তিনি সালমা আদিল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান এবং ছানি অপারেশনের জন্য নির্বাচিত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

রিজিওন চেয়ারপারসন ও ডায়নামিক সিটির ক্লাব উপদেষ্টা লায়ন শওকত চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইপিডিজি লায়ন কহিনুর কামাল, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী, লেডি গভর্নর লায়ন শিরিন আকতার কাশফী, জিএসটি লায়ন মোর্শেদুল হক রুবেল, ভিশন চেয়ারপারসন লায়ন আফরোজা বেগম, ক্লাব প্রেসিডেন্ট লায়ন পুলিন চন্দ্র ঘরামি, সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন সালমা আদিল, লায়ন মোস্তাফা কামাল, লায়ন আশিকুল আলম, লায়ন মনজুর আলম এবং লায়ন মোখলেছুর রহমান।

পুরো স্বাস্থ্যসেবা ক্যাম্পটি পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী কঙ্গোর অনারারি কনসাল জিয়াউদ্দিন আদিল। লিও ক্লাব অব চিটাগং গোল্ডেন সিটি এবং সালমা আদিল ফাউন্ডেশনের সদস্যরা দিনব্যাপী এই কার্যক্রমে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা আয়োজকদের সুশৃঙ্খল ব্যবস্থাপনার প্রশংসা করে আগামীতেও এ ধরনের মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।