সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মিরসরাইয়ে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী, খোয়া গেল প্রায় দেড় লাখ টাকা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৬ | ৭:২৮ অপরাহ্ন


চট্টগ্রামের মিরসরাইয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক ব্যবসায়ীর এক লাখ ৪৬ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শনিবার রাতে উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী এলাকায় দুর্বৃত্তরা তাকে মারধর করে এই টাকা ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী পারভেজ হোসেন উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের দুলাল মিয়া বাড়ির মহিউদ্দিনের ছেলে। তিনি একটি কোম্পানির ডিলার হিসেবে ব্যবসা পরিচালনা করেন।

জানা গেছে, শনিবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পারভেজ হোসেন তার শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন। পথে বড়তাকিয়া বাজার থেকে ব্যবসার এক লাখ ৪৬ হাজার টাকা সংগ্রহ করেন তিনি। এরপর একটি সিএনজিচালিত অটোরিকশায় করে গন্তব্যে যাওয়ার পথে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি তাকে অনুসরণ করতে থাকে।

পারভেজ অটোরিকশা থেকে নেমে হেঁটে শ্বশুরবাড়ির দিকে যাওয়ার সময় আগে থেকে পিছু নেওয়া ছিনতাইকারীরা তাকে জোরপূর্বক একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে নেয়। এ সময় তারা পারভেজের চোখ-মুখ বেঁধে ফেলে এবং মারধর করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে অচেতন অবস্থায় শ্বশুরবাড়ির সামনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

ভুক্তভোগীর শ্বশুর মো. মফিজ জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে অচেতন অবস্থায় পারভেজকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।