
চট্টগ্রাম থেকে চলতি হজ মৌসুমের প্রথম ফ্লাইটে ৩৭১ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। এছাড়া এই বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে ৪১ জন হজযাত্রী এবং দুইজন নন-হজযাত্রীও রয়েছেন।
রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৫ ফ্লাইটটি হজযাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
বিশেষ এই হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর এবং এতে সভাপতিত্ব করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেলা ব্যবস্থাপক আল মামুন ফারুক।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, চলতি বছর চট্টগ্রাম থেকে প্রায় সাড়ে ছয় হাজার হজযাত্রী হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন। তাঁদের সুষ্ঠুভাবে পরিবহনের লক্ষ্যে ১৯ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত মোট ১৬টি হজ ফ্লাইট পরিচালিত হবে। এসব ফ্লাইটের মধ্যে ১২টি ফ্লাইট সরাসরি জেদ্দায় এবং বাকি চারটি ফ্লাইট মদিনায় যাবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত সূচি অনুযায়ী চট্টগ্রাম থেকে পরবর্তী ফ্লাইটগুলো পর্যায়ক্রমে ২২ এপ্রিল বিকেল ৫টা ১৫ মিনিটে, ২৪ এপ্রিল দুপুর ১টা ২০ মিনিটে, ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টা ২০ মিনিটে, ১ মে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এবং ২ মে বিকেল ৫টা ১৫ মিনিটে ছেড়ে যাবে।
এরপর ৫ মে দুপুর ১টা ২০ মিনিটে, ৮ মে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে, ১০ মে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে, ১২ মে সন্ধ্যা ৭টায়, ১৩ মে বিকেল ৫টা ৪৫ মিনিটে, ১৪ মে সন্ধ্যা ৭টায়, ১৫ মে সন্ধ্যা ৭টায়, ১৭ মে সন্ধ্যা ৭টায় এবং সর্বশেষ ২০ মে বিকেল ২টায় বাকি ফ্লাইটগুলো জেদ্দা ও মদিনার উদ্দেশে যাত্রা করবে।