সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

দীঘিনালায় রেড ক্রিসেন্টের সভায় মানবিক কাজে সক্রিয় হওয়ার আহ্বান

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৬ | ১১:২২ অপরাহ্ন


খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের সঙ্গে যুব রেড ক্রিসেন্ট দীঘিনালা উপজেলা দলের মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় দীঘিনালা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের যুব সদস্যরা অংশগ্রহণ করেন।

যুব রেড ক্রিসেন্ট দীঘিনালা উপজেলা দলের দলনেতা মো. জাকির হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দলের পক্ষ থেকে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. দুলাল হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইউনিটের যুব প্রধান মো. আল-আমিন, উপ-যুব প্রধান মো. আল-নোমান এবং দীঘিনালা উপজেলা দলের সাবেক যুব প্রধান হাসান মোর্শেদ রিফাত।

প্রধান অতিথির বক্তব্যে মো. দুলাল হোসেন দীঘিনালা উপজেলা রেড ক্রিসেন্টের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি যুব সদস্যদের মানবিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং সাংগঠনিক ও ব্যক্তিগতভাবে দীঘিনালা উপজেলা দলের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

অন্যদিকে, বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে রেড ক্রিসেন্টের নীতিমালা মেনে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা জানান, দায়িত্বশীলতা ও শৃঙ্খলার সঙ্গে দুর্যোগ ও মানবিক বিপর্যয়ে কাজ করলে যুব সদস্যদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং রেড ক্রিসেন্টের সুনাম সর্ব মহলে অক্ষুণ্ণ থাকবে।

অনুষ্ঠানের সমাপনী পর্যায়ে সভাপতির বক্তব্যে মো. জাকির হোসেন উপস্থিত অতিথি ও যুব সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি যুব সদস্যদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানান এবং ভবিষ্যতে আরও সক্রিয়ভাবে কাজ করে রেড ক্রিসেন্টকে বহুদূর এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।