সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রাঙ্গুনিয়ায় ২০ এপ্রিল থেকে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৬ | ১১:২৪ অপরাহ্ন


জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে টিকাদান কার্যক্রম। আগামী ১০ মে পর্যন্ত চলা এই ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার মোট ৫২ হাজার ৯০৬ জন শিশুকে স্কুল ও কমিউনিটি পর্যায়ে স্থাপিত বিভিন্ন টিকাদান কেন্দ্রের মাধ্যমে হাম ও রুবেলার টিকা প্রদান করা হবে।

এই টিকাদান কর্মসূচিকে সামনে রেখে রোববার (১৯ এপ্রিল) সকালে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এক বিশেষ অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জয়নাব জমিলা।

সভায় উপস্থিত সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের জন্য উপজেলার সব টিকাদান কেন্দ্র ইতোমধ্যে সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। এই কাজে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় সকল নির্দেশনা প্রদান করা হয়েছে। এর পাশাপাশি শিশুদের অভিভাবকদের সচেতন করতে এলাকায় ব্যাপক প্রচারণাও চালানো হচ্ছে।

সভায় আরও বলা হয়, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এবং হাম ও রুবেলা প্রতিরোধে এই টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই নিজ নিজ এলাকার নির্ধারিত কেন্দ্রে এসে শিশুদের এই টিকা গ্রহণ নিশ্চিত করতে সকল অভিভাবকের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।

এদিনের অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।