সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সাতকানিয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের টিকটক ভিডিও: অধ্যক্ষকে শিবিরের স্মারকলিপি

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৬ | ১১:৩৩ অপরাহ্ন


চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া হেদায়তুল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে তৈরি করা কয়েকটি টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

এই ঘটনার প্রেক্ষিতে রোববার (১৯ এপ্রিল) দুপুর ২টার দিকে মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলমের কাছে স্মারকলিপি প্রদান করেছে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখার নেতৃবৃন্দ। এ সময় মাদ্রাসার গভর্নিং বডির কয়েকজন শিক্ষক প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম জেলা দক্ষিণের প্রচার ও মিডিয়া সম্পাদক হাবিবুল্লাহ ফয়সাল, মাদ্রাসা কার্যক্রম সম্পাদক শরীফুল ইসলাম এবং সাতকানিয়া উত্তর থানা শাখার সভাপতি মনজুর মৌলা কায়েস।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিদায় অনুষ্ঠান শেষে কিছু শিক্ষার্থীর তৈরি ও প্রকাশিত ভিডিওতে অবাধ মেলামেশা, অশালীন উপস্থাপনা এবং অনাকাঙ্ক্ষিত আচরণের দৃশ্য লক্ষ্য করা গেছে। এটি একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যবোধ ও আদর্শের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। এতে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে ছয়টি সুপারিশ তুলে ধরা হয়। সুপারিশগুলো হলো— ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের চিহ্নিতকরণ ও ব্যবস্থা গ্রহণ, ভবিষ্যতে অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে কঠোর নীতিমালা প্রণয়ন, ছেলে-মেয়ের অবাধ মেলামেশা নিয়ন্ত্রণে কার্যকর নির্দেশনা প্রদান, শিক্ষার্থীদের মাঝে ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা জোরদার করা, শিক্ষক-অভিভাবক সমন্বয়ে সচেতনতামূলক সভা আয়োজন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আচরণবিধি নির্ধারণ করে তা মেনে চলতে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা।

সার্বিক বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম বলেন, বিষয়টি তাঁদের নজরে এসেছে এবং ইতোমধ্যে সংশ্লিষ্ট কয়েকজন শিক্ষার্থীর অভিভাবককে এ ব্যাপারে অবহিত করা হয়েছে। খুব শিগগিরই মাদ্রাসার গভর্নিং বডির সভায় এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান।