
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় প্রায় ৪৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনার লক্ষ্যে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে লোহাগাড়া সদরের নজুমুন্নিছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মং এছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল এবং উপজেলা শিক্ষা অফিসার কাজি মোহাম্মদ ইবনে মাসুদ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২০ দিনব্যাপী এই কর্মসূচির আওতায় লোহাগাড়ার ৯টি ইউনিয়নের ২৭টি ওয়ার্ডে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৪৪ হাজার ৪৫ জন শিশুকে এক ডোজ করে এমআর (হাম-রুবেলা) টিকা প্রদান করা হবে। প্রথম ধাপে টানা ৬ দিন উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ি মাদ্রাসা ও কিন্ডারগার্টেনে এই টিকা দেওয়া হচ্ছে। লোহাগাড়ায় টিকাদান কেন্দ্রের মধ্যে রয়েছে ২৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠান, ২১৬টি অস্থায়ী কেন্দ্র এবং ১টি স্থায়ী কেন্দ্রসহ সর্বমোট ৫০১টি কেন্দ্র।
অনুষ্ঠানে ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন জানান, হাম-রুবেলা টিকা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। শিশুদের সুরক্ষায় একমাত্র প্রতিরোধমূলক ব্যবস্থা হলো এই টিকা। বাংলাদেশ সরকারের উদ্যোগে শুরু হওয়া এই কার্যক্রমে পর্যাপ্ত পরিমাণে টিকা মজুত রয়েছে। তাই নির্দিষ্ট কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা গ্রহণে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এস এম সালাহ উদ্দিন অনিক, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।