সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আহত

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২০ এপ্রিল ২০২৬ | ১০:১৮ অপরাহ্ন


কক্সবাজারের কুতুবদিয়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাছান গুরুতর আহত হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সামনে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় তাঁর সঙ্গে থাকা মোটরসাইকেল আরোহী আবদুর রহমান হেফাজও আহত হন। তিনি পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর) হিসেবে কর্মরত আছেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার সকালে ডা. রেজাউল হাছান আবদুর রহমান হেফাজকে সাথে নিয়ে উপজেলার গণস্বাস্থ্য কেন্দ্রে হাম-রুবেলা ক্যাম্পেইনের উদ্বোধন করেন। পরে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে আরেকটি কেন্দ্রে যাওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে যাচ্ছিলেন তাঁরা। পথিমধ্যে একটি অটোরিকশার সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তাঁরা সড়কে ছিটকে পড়ে গুরুতর জখম হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁদের দ্রুত চট্টগ্রামে পাঠানো হয়।

বর্তমানে ডা. রেজাউল হাছান চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে আবদুর রহমান হেফাজকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাছানের স্ত্রী কাশেফা খানম জানান, গুরুতর আহত অবস্থায় ডা. রেজাউল হাছানকে বর্তমানে পার্কভিউ হাসপাতালের অপারেশন থিয়েটারে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।