সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

টেকনাফের পাহাড়ে ৩ জনের লাশ, ‘নেপথ্যে মানবপাচার’

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২১ এপ্রিল ২০২৬ | ১:০৪ অপরাহ্ন


কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে তিনজনের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মানবপাচার ও অপহরণকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশের ধারণা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে তাদের উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- বাহারছড়া শীলখালী গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান, নুর বশর ও রবিউল আউয়াল।

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, উদ্ধার হওয়া তিনজনের মধ্যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর দুইজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তারাও মারা যান।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপহরণ ও মানবপাচারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। স্থানীয়দের কাছ থেকে নিহতদের বিরুদ্ধেও অপহরণ ও মানবপাচারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের কথা জানা গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং ঘটনার সাথে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

উদ্ধার হওয়া তিনজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও মাথায় জখমের চিহ্ন রয়েছে বলে জানান বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন।

নিহত রবিউলের বাবা রুহুল আমিন বলেন, “রাতে মুজিব আমার ছেলেকে ডেকে নিয়ে যায়। সকালে পাহাড়ে লাশ পড়ে থাকার খবর পেয়ে সেখানে গিয়ে ছেলেকে রক্তাক্ত অবস্থায় পাই। কী কারণে এমন হয়েছে, বুঝতে পারছি না।”

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কাঠুরিয়া জানান, সাম্প্রতিক সময়ে পাহাড়ে লোকজনকে জিম্মি করে রাখার ঘটনা ঘটছে। মাঝে মধ্যে সেখান থেকে চিৎকার-চেঁচামেচির শব্দও শোনা যায়। ধারণা করা হচ্ছে, জিম্মিদের সঙ্গে জড়িতদের সংঘর্ষের জেরেই এ ঘটনা ঘটতে পারে।

স্থানীয়রা বলছেন, বাহারছড়ার পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে সশস্ত্র অপহরণ ও মানবপাচার চক্র সক্রিয় রয়েছে। তাদের ভয়ে ওই এলাকার অন্তত পাঁচ হাজার মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।