
চট্টগ্রামের পটিয়ায় সাত বছর বয়সী এক শিশুকে আইসক্রিমের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে সোমবার দুপুরে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে পুলিশ জানিয়েছে।
অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর পরিবার পটিয়ায় একটি ভাড়া বাসায় থাকে। একই বাসার অন্য একটি কক্ষে থাকতেন মোহাম্মদ সোলাইমান (৪২) নামে এক ব্যক্তি। গত ১৭ মার্চ শিশুটির মা-বাবা কাজে বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগে সোলাইমান আইসক্রিম খাওয়ার জন্য টাকা দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে।
পরিবারের ভাষ্যমতে, ঘটনার দুই দিন পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে সোলাইমানের স্ত্রী বিষয়টি জানতে পারেন এবং চিকিৎসার জন্য কিছু টাকা দেন। তবে তখন বিষয়টি গোপন রাখা হয়। পরবর্তীতে ঈদের পর বিদ্যুৎ বিল দেওয়াকে কেন্দ্র করে সোলাইমান ও তার স্ত্রীর সঙ্গে শিশুটির মায়ের ঝগড়া হয়। একপর্যায়ে শিশুটি মায়ের কাছে আগের ওই ঘটনার কথা খুলে বলে। গত ১৯ এপ্রিল সন্ধ্যায় একই বিষয় নিয়ে ফের বিরোধ দেখা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয় এবং ঘটনাটি এলাকায় জানাজানি হয়।
এরপর শিশুটির মা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চান। পরে পুলিশের পরামর্শে তিনি থানায় লিখিত অভিযোগ দেন।
ভুক্তভোগী শিশুর বাবা কামাল হোসেন বলেন, তার মেয়ের ওপর নির্যাতনের সত্যতা মেডিকেল পরীক্ষায় মিলেছে। প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় মামলা নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক প্রদীপ দে জানান, শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। চিকিৎসা প্রতিবেদন ও আনুষঙ্গিক কাগজপত্র পর্যালোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পটিয়া থানার ওসি জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা হবে।