
পর্তুগালের রাজধানী লিসবনে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ‘নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বৈশাখী উৎসব ও চাটগাঁইয়া মিলনমেলা’।
রোববার (১৯ এপ্রিল) লিসবনের কেইল দো আমারাল অ্যাম্ফিথিয়েটারে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন পর্তুগাল এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এস এম গোলাম সরওয়ার। প্রবাসী চট্টগ্রামবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বাঙালির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
দিনব্যাপী এ মিলনমেলায় ছিল সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলা, র্যাফেল ড্র এবং ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজন, যা প্রবাসে বাঙালির শিকড় ও সংস্কৃতিকে নতুন করে স্মরণ করিয়ে দেয়। খাবারের তালিকায় ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা, শিশুদের জন্য বিরিয়ানি এবং দেশীয় নানা ধরনের ভর্তা ও ভাজা মাছসহ বৈশাখী পান্তা।
আয়োজকরা জানান, প্রবাসে বাঙালিদের মধ্যে সম্প্রীতি ও বন্ধন জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানটি সফল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের নেতারা।
ভবিষ্যতে এ ধরনের আয়োজন প্রবাসে বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন পর্তুগাল।
অনুষ্ঠানে মো. মাসুদ রানা ও মো. রিদওয়ানের সঞ্চালনায় এবং সাইফুল ইসলাম জয় ও মোজাম্মেল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অতিথি বরণের দায়িত্বে ছিলেন মোহাম্মদ ইকবাল চৌধুরী, আশরাফুল আলম, মো. আলাউদ্দিন ও আহমদুর রহমান।
এছাড়া আপ্যায়ন ব্যবস্থাপনায় ছিলেন নাছিরুল আলম সাইমন, আব্দুল্লাহ আল জিহাদ, শ্রী প্রমল দা, ইমদাদুল হক রিফাত, রাফি ও মোহাম্মদ কাইয়ুম উদ্দিন। উপহার ও কুপন বিতরণের দায়িত্ব পালন করেন আবুল কাশেম, হেলাল উদ্দিন, মো. জিয়া উদ্দিন ও মোহাম্মদ শাহিন। ক্রীড়া পর্ব পরিচালনা করেন তাওহীদুল আলম, পাশা, মো. ইমরান, মানিক ও মুসলেহ।