
চট্টগ্রাম নগরীর কোর্ট হিল এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নাশকতার চেষ্টার অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।
গ্রেপ্তাররা হলেন, ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সংগঠক জাহিদুর রহমান জাহেদ (২৯), চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি বিশ্বজিৎ চৌধুরী (৩২), জাতীয় শ্রমিক লীগের বন্দর থানার সহ-অর্থ সম্পাদক সাইফুল ইসলাম টিপু (৩৩) এবং সরকারি সিটি কলেজ ছাত্রলীগের কর্মী মোহাম্মদ কামরুল হাসান (২৯)।
ওসি আফতাব উদ্দিন জানান, গত ১৪ এপ্রিল ভোরে কোর্ট হিল এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কয়েকজন জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দেন। সে সময় তাদের হাতে লাঠিসোঁটা ও ইট-পাটকেল ছিল। জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার আশঙ্কায় ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে এই অভিযান চালানো হয়।
তিনি আরও জানান, আসামিরা ছাত্রলীগের নামে সরকারবিরোধী উসকানিমূলক স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের একাধিক ধারায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে। জননিরাপত্তা বিঘ্নিতকারীদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।