
কক্সবাজারের চকরিয়ায় নদীর তীরের একটি তামাক ক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, বৈদ্যুতিক শক ও ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় মাতামুহুরী নদীর তীর সংলগ্ন বেড়িবাঁধের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মোহাম্মদ শাকিব (২৬) ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হাজিয়ান আলীপাড়া এলাকার কফিল উদ্দিনের ছেলে। তিনি চকরিয়া সদরের চিরিঙ্গা শহরে একটি ফুচকার দোকানে কাজ করতেন।
স্থানীয়রা জানান, সকালে নদীর তীর দিয়ে হাঁটার সময় বেড়িবাঁধের পাশে শাকিবের নিথর দেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। এলাকাবাসীর ধারণা, দুর্বৃত্তরা ভোরে তাকে হত্যার পর লাশ সেখানে ফেলে গেছে।
নিহতের বড় ভাই নাজেম উদ্দিন বলেন, আমার ভাইকে বৈদ্যুতিক শক দিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার সঙ্গে কারও তেমন বিরোধ ছিল না। সকালে স্থানীয়দের মারফত খবর পেয়ে তামাক ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো দুর্ঘটনা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।