সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মিরসরাইয়ে জ্বালানি তেল মজুত ও বেশি দামে বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২২ এপ্রিল ২০২৬ | ১০:৫৮ অপরাহ্ন


চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বাড়তি দামে বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

বুধবার বিকালে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদেরের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের জানান, মিরসরাইয়ের কয়েকটি পেট্রোল পাম্পে সাধারণ গ্রাহকদের তেল না দিয়ে অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন দোকানে অতিরিক্ত মূল্যে তা বিক্রি করা হচ্ছে বলে এনএসআইয়ের মাধ্যমে তথ্য পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

অভিযানে অর্থনৈতিক অঞ্চলের জাহাঙ্গীর বলির মার্কেটে অবস্থিত মেসার্স এ.এস অয়েল এজেন্সি এবং সিপির মোড়ে অবস্থিত মিরসরাই অয়েল এজেন্সিকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্টদের ভবিষ্যতের জন্য কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের আরও জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী দেশজুড়ে জ্বালানি চোরাকারবার নিয়ন্ত্রণে তারা কাজ করছেন। তারই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।