সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চট্টগ্রামে মাটি ধসে দুই শ্রমিকের মৃত্যু, আহত দুই

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৩ এপ্রিল ২০২৬ | ৯:২৩ পূর্বাহ্ন


চট্টগ্রামের হালিশহর থানাধীন আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় মাটি খননের সময় ধসে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে চায়না হাইড্রো কোম্পানির অধীনে চলমান খননকাজ চলাকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুরের রাকিব ও তুষার। আহত সাগর ও এরশাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন জানান, খননকাজ চলার সময় হঠাৎ মাটি ধসে পড়লে চার শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যান।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক ও পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, ভোর পৌনে পাঁচটার দিকে চারজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাকিব ও তুষারকে মৃত ঘোষণা করেন।

আহত সাগর ও এরশাদের শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি উল্লেখ করে নুরুল আলম আশেক আরও জানান, এ ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।