
ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে বাড়ানো হয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে সরকার এই বাস ভাড়া সমন্বয় করেছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী শেখ রবিউল আলম। নতুন নির্ধারিত এই ভাড়া বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে বলেও তিনি নিশ্চিত করেছেন।
ভাড়া সমন্বয়ের বিস্তারিত তুলে ধরে শেখ রবিউল আলম জানান, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে ১১ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। আন্তঃজেলা বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা থেকে ১১ পয়সা বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়েছে। এ ছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) আওতাধীন এলাকায় ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে ১১ পয়সা বেড়ে ২ টাকা ৪৩ পয়সা হয়েছে। তবে বাসে চলাচলের সর্বনিম্ন ভাড়া আগের ১০ টাকাই বহাল থাকছে।
মন্ত্রী শেখ রবিউল আলম আরও জানান, ভবিষ্যতে জ্বালানি তেলের দাম বাড়া বা কমার সঙ্গে সামঞ্জস্য রেখে পুনরায় বাস ভাড়া সমন্বয় করা হবে। এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নেতৃত্বাধীন বাস ভাড়া পুনর্নির্ধারণ কমিটি কিলোমিটারপ্রতি ভাড়া ২২ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছিল। পরবর্তীতে সরকার তা ১১ পয়সা বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।