সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ঠেকাতে অর্থমন্ত্রীর তাগিদ

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৪ এপ্রিল ২০২৬ | ৩:২৬ অপরাহ্ন


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করার ওপর কঠোর তাগিদ দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। দল, মত ও ধর্ম নির্বিশেষে বাইরের কাউকে ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী এই আহ্বান জানান।

বহিরাগত নিয়ন্ত্রণের বিষয়ে গুরুত্বারোপ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আমরা কোনো বাইরের লোককে এখানে আসতে দিতে চাই না। ইউনিভার্সিটিকে আরেকটা কথা বলছি আমি- দয়া করে কোনো বহিরাগত যেন ইউনিভার্সিটিতে ঢুকতে না পারে, এটা নিয়ে চিন্তা করতে হবে। সেটা যে দলই হোক, যে ধর্মেরই হোক। বাইরের কোনো লোককে এক্সেস দেওয়া উচিত না। এই কালচারটা ডেভেলপ করতে হবে, এটা আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে করতে হবে।”

দীর্ঘদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসে পাহাড় ও সবুজে ঘেরা ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধতার কথাও অনুষ্ঠানে তুলে ধরেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “চিটাগং ইউনিভার্সিটিতে আমি অনেকদিন পরে এসেছি। ঢুকতে ঢুকতে আমার তো মনে হচ্ছে আই অ্যাম ইন নেচার। আমি প্রকৃতির ভেতরে ঢুকছি, মনে হচ্ছে আমি এখানে একটা হলিডে রিসোর্টে ঢুকে গেছি, কোনো একটা উডের মধ্যে, বনের মধ্যে। অপূর্ব!”

বিশ্ববিদ্যালয়ের বিস্তৃত এলাকা ও বনভূমির প্রসঙ্গ টেনে এখানকার প্রাণিবৈচিত্র্য সংরক্ষণের বিষয়েও পরামর্শ দেন তিনি। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “এত বড় এলাকা, এরকম একটা ইউনিভার্সিটি বাংলাদেশের মতো একটা ছোট দেশে, এত বিশাল এলাকা- তার মধ্যে কত বড় একটা ফরেস্ট! আমি ভিসিকে জিজ্ঞেস করেছি, আপনাদের এখানে ওয়াইল্ডলাইফ কী কী আছে? বন্যপ্রাণী কি আছে এখানে? পাখি কতগুলো আছে? আপনারা কি এগুলো ক্যাটালগ করেছেন? ক্যাটালগ করেন আপনারা। ইট ইজ সামথিং আনইউজুয়াল ইন বাংলাদেশ সারাউন্ডিং।”

প্রাকৃতিক এই পরিবেশের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে না পারাকে দুর্ভাগ্যজনক হিসেবে অভিহিত করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় বিশ্ববিদ্যালয়কে আরও উন্নত ও আধুনিক পর্যায়ে নেওয়ার লক্ষ্যে বিশেষ কর্মসূচি হাতে নিতে উপাচার্যের প্রতি আহ্বান জানান তিনি।

উপাচার্যকে উদ্দেশ্য করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আমি ভিসিকে বলছি, আপনি চট্টগ্রাম ইউনিভার্সিটিকে নেক্সট লেভেলে এলিভেট করার জন্য একটা প্রোগ্রাম নেন। আই উইল সাপোর্ট ইউ।”