
মানবকল্যাণ ও নৈতিক সমাজ বিনির্মাণে সবাইকে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
শুক্রবার দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের লিচুবাগান এলাকায় ইমরুবারের উদ্যোগে আয়োজিত সাধারণ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শাহজাহান চৌধুরী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) নবুয়ত প্রাপ্তির আগেই সমাজসেবা, সত্যবাদিতা ও মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করেছিলেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করেই একটি ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে বলে জানান আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
তিনি আরও বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে ইসলামের নৈতিক শিক্ষা বাস্তবায়ন করা গেলে দুর্নীতি, অন্যায় ও সামাজিক অবক্ষয় দূর করা সম্ভব। সমাজের প্রতিটি মানুষকে মানবসেবায় এগিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন শাহজাহান চৌধুরী।
কে এম আবু মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাবেক ধর্ম উপদেষ্টা প্রফেসর ড. এ এফ এম খালেদ হোসেন। প্রধান বক্তার বক্তব্যে প্রফেসর ড. এ এফ এম খালেদ হোসেন বলেন, ইসলামের সুমহান আদর্শ কেবল একটি নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়, বরং সমগ্র মানবজাতির মুক্তির পথ। প্রফেসর ড. এ এফ এম খালেদ হোসেন দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সকল মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়, বিভাজন ও অস্থিরতা দূর করতে ইসলামের শান্তি, ন্যায় ও মানবকল্যাণের বাণী ছড়িয়ে দিতে হবে। ব্যক্তি ও সমাজ জীবনে ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান প্রফেসর ড. এ এফ এম খালেদ হোসেন।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, মাদার্শা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল আলম চৌধুরী, মোহাম্মদ ইব্রাহীম, সাবেক ছাত্রনেতা নুরুল আমিন এবং ফরিদুল আলম। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।