
চট্টগ্রামের হাটহাজারীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ইজিপিপি প্রকল্পের আওতায় খাল খনন ও পুনঃখনন কর্মসূচি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব এবিএম আব্দুস সাত্তার।
শুক্রবার দুপুরে এবিএম আব্দুস সাত্তার হাটহাজারী পৌরসভার ‘সুন্দরী ছড়া’ খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেন।
এ সময় এবিএম আব্দুস সাত্তারের সাথে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ নিয়াজ মোর্শেদ।
জানা যায়, কিছুদিন পূর্বে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ইজিপিপি প্রকল্পের আওতায় এই খাল খনন কাজের উদ্বোধন করেছিলেন। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ২০২৫-২০৩০ মেয়াদে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এই মহাপরিকল্পনার মূল লক্ষ্য হলো কৃষি উৎপাদন বৃদ্ধি, বন্যা নিয়ন্ত্রণ এবং পানিসংকট নিরসন। এই প্রকল্পের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে হাটহাজারীতে ‘সুন্দরী ছড়া’ খাল পুনঃখনন (৫ কিলোমিটার) প্রকল্পের কাজ চলমান আছে।