
চট্টগ্রামের বাঁশখালীতে এক কিশোরীকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলার প্রধান পলাতক আসামি আরিফ উল্লাহকে চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার সন্ধ্যায় নগরীর কোতোয়ালী থানাধীন শাহ আমানত সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে ২৫ বছর বয়সী আরিফ উল্লাহকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আরিফ উল্লাহ বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল এলাকার বাসিন্দা এবং বাঁশখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা ওই মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি।
মামলার এজাহারের বরাত দিয়ে র্যাব জানায়, গত ১০ এপ্রিল দিবাগত রাতে পূর্ব চাম্বল ইউনিয়নের সাতঘরপাড়া এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। ওই দিন ভুক্তভোগী কিশোরী তার খালার বাড়িতে অবস্থান করছিল। রাতের কোনো এক সময় ঘর থেকে বের হলে প্রতিবেশী আরিফ উল্লাহ তার মুখ চেপে ধরে জোরপূর্বক পাশের একটি মুদির দোকানে নিয়ে যায়। সেখানে দোকানের শাটার বন্ধ করে এবং মুখ টেপ দিয়ে বেঁধে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে আরিফ উল্লাহ। ঘটনার পরদিন ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে বাঁশখালী থানায় আরিফ উল্লাহকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান পলাতক আসামি আরিফ উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আরিফ উল্লাহকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, গ্রেপ্তারকৃত আসামি আরিফ উল্লাহকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।