সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়ায় ৭ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৫ এপ্রিল ২০২৬ | ৬:৫৬ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মোহাম্মদ সোলাইমানকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পটিয়া পৌরসদরের ইন্দ্রপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোহাম্মদ সোলাইমান পটিয়া পৌরসদরের ৫ নম্বর ওয়ার্ডের সবজারপাড়া এলাকার মৃত আলতাজ মিয়ার ছেলে। গ্রেপ্তারের এই বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক ক্য লাহ্‌ চিং মারমা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির পরিবার পটিয়া পৌরসদরের ৩ নম্বর ওয়ার্ডে একটি ভাড়া বাসায় বসবাস করেন। তাদের পাশের ঘরেই বসবাস করতেন অভিযুক্ত মোহাম্মদ সোলাইমান। গত ১৭ মার্চ শিশুটির মা-বাবা বাইরে কাজে ব্যস্ত থাকার সুযোগে মোহাম্মদ সোলাইমান শিশুটিকে নিজের ঘরে নিয়ে যায়। পরে তাকে আইসক্রিম খাওয়ার প্রলোভন দেখিয়ে নগদ ১০ টাকা দিয়ে ফুসলিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গত মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে শিশুটির মা বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এর আগেই এই ধর্ষণে সহায়তার অভিযোগে মামলার ২ নম্বর আসামি নুর আক্তারকে গ্রেপ্তার করেছিল পটিয়া থানা পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ক্য লাহ্ চিং মারমা জানান, মামলা তদন্ত চলাকালে আসামি মোহাম্মদ সোলাইমানকে নজরদারিতে রাখা হয়েছিল। শনিবার সকালে গোপন সংবাদ পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোহাম্মদ সোলাইমানকে গ্রেপ্তার করেন ক্য লাহ্ চিং মারমা। পুলিশি তদন্তে প্রয়োজন হলে তার রিমান্ড চাওয়া হবে বলেও তদন্ত কর্মকর্তা ক্য লাহ্ চিং মারমা উল্লেখ করেন।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান আসামি মোহাম্মদ সোলাইমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। ওসি জিয়াউল হক আরও জানান, গ্রেপ্তারকৃত মোহাম্মদ সোলাইমানকে বিধি মোতাবেক আদালতের হাতে সোপর্দ করা হবে।