সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ভারতের চেয়ে আমাদের দেশে তেলের দাম কম: এমপি নুরুল আমিন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৫ এপ্রিল ২০২৬ | ৭:০২ অপরাহ্ন


চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, ‘সর্ব অঙ্গে ক্ষত, ঔষধ দেব কত? ১৭ বছর আওয়ামী লীগ দেশটাকে লুটেপুটে খেয়েছে। কোনো রাস্তা-ঘাট, পুল-কালভার্ট করেনি। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করে দিয়েছে।’ তিনি দাবি করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার দুই মাসের মধ্যে দেশের অর্থনীতি মন্দা অবস্থায় থাকলেও ব্যাপক উন্নয়ন কাজ সাধিত হয়েছে।

শনিবার দুপুরে মিরসরাই উপজেলার আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মঘাদিয়া আঞ্জুমেরনেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন এসব কথা বলেন।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে নুরুল আমিন জানান, পৃথিবীতে পেট্রল ও ডিজেলের দাম অনেক বেশি বেড়েছে, কিন্তু সে তুলনায় আমাদের দেশে কম বেড়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতে তেলের দাম অনেক বেশি হওয়ায় আমাদের দেশ থেকে তেল পাচার হয়ে যাচ্ছে। তাই পাচার রোধ করার জন্য এবং অর্থনীতির দিক বিবেচনা করে তেলের দাম সামান্য বাড়ানো হয়েছে বলে নুরুল আমিন উল্লেখ করেন।

নুরুল আমিন আরও বলেন, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ কোনো দলের স্লোগান নয়, এটি মুসলমানদের স্লোগান। একটি দল এই স্লোগান দিয়ে রগ কাটছে এবং ছাত্রদের ওপর লাঠিপেটা করছে অভিযোগ করে নুরুল আমিন এই স্লোগান দিয়ে অপরাধ না করার অনুরোধ জানান।

উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. দিদারুল আলম, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, সদস্য তাহের আহম্মদ, শিক্ষাবিদ ড. মুহাম্মদ কামাল উদ্দিন, বেসরকারি কারা পরিদর্শক আমিনুল ইসলাম তৌহিদ, মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুর হোসেন মিয়া, সাবেক সদস্য সচিব মুসা চেয়ারম্যান, উপজেলা বিএনপির সদস্য শাহীনুল ইসলাম স্বপন, উপজেলা জাসাসের সভাপতি মেশকাত হোসেন চৌধুরী, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব আলা উদ্দিন, মিরসরাই উপজেলা কৃষক দলের আহ্বায়ক আশরাফ উদ্দিন, কাটাছরা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নুর উদ্দিন জাহিদ, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ, মিরসরাই থানা যুবদল নেতা এসএম সুমন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন তৌহিদ, সাধারণ সম্পাদক আবু দাউদ এবং মায়ানী ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাহেদ আহম্মদ।

আলোচনা সভা ও ভবন উদ্বোধনের পর উপজেলা কৃষক দলের উদ্যোগে বিদ্যালয় আঙিনায় একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।