
চট্টগ্রামের পটিয়ায় সাম্প্রতিক সময়ে গরু ও মহিষ চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ডেইরি খামারিরা। খামারিদের এই উদ্বেগের পরিপ্রেক্ষিতে চুরি-ডাকাতি প্রতিরোধে তাদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
শনিবার রাতে পটিয়ার কৈয়গ্রামে সংসদ সদস্য এনামুল হক এনামের নিজ বাসভবনে পটিয়া ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এই আশ্বাস দেওয়া হয়। ডেইরি খাতের উন্নয়ন এবং চুরি-ডাকাতির প্রতিকার চেয়ে খামারিরা এই সভায় তাদের জোর দাবি তুলে ধরেন। এ সময় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংসদ সদস্য এনামুল হক এনামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মতবিনিময়কালে সংসদ সদস্য এনামুল হক এনাম জানান, সরকার সবসময় কৃষক ও খামারিদের পাশে রয়েছে। ডেইরি ফার্ম ব্যবসায়ীরা যাতে নিরাপদে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে বলে এনামুল হক এনাম খামারিদের আশ্বস্ত করেন।
সাম্প্রতিক চুরি-ডাকাতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অ্যাসোসিয়েশনের নেতা রাসেল জানান, গরু ও মহিষ চুরি বেড়ে যাওয়ায় তারা আতঙ্কে রয়েছেন। অনেক খামারিকে রাতে জেগে পাহারা দিতে হচ্ছে, তবুও সশস্ত্র ডাকাতদল এসে গরু লুট করছে। রাসেল আরও অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে এসব ঘটনাকে কেবল চুরি হিসেবে দেখানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
পটিয়া ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ শফিউল আলম, শফিকুল ইসলাম ও আনিস আহম্মদ, সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, সহ-সম্পাদক মো. ইমরান, মহিলা সম্পাদিকা ফারহানা ইয়াছমিন, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম এবং কার্যকরী সদস্য শহিদুল ইসলাম, আব্দুল মান্নান, মোহাম্মদ আনিস ও আব্দুল কুদ্দুস।