
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক ও সেতুর কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। সেখানে তিনি চট্টগ্রাম-কাপ্তাই সড়ক চার লেইনে উন্নীত করার উদ্যোগের কথা জানিয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়িত পদুয়া রাজারহাট-কমলাছড়ি ব্রিজঘাটা খুরুশিয়া আবদুল হামিদ সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করেন তিনি।
এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেন, কাপ্তাই সড়ক চার লেইনে উন্নীত করা এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা। এটি বাস্তবায়নে সরকার এগোচ্ছে।
প্রকল্পটি চলতি বাজেটে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং দ্রুত কাজ শুরুর বিষয়ে সংশ্লিষ্ট প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম এ প্রসঙ্গে জানান, এলজিইডির অধীনে আবদুল হামিদ সড়কটি কার্পেটিং করা হয়েছে। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া সড়কটি সংস্কারের ফলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।
উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে মন্তব্য করে সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী আরও বলেন, এলজিইডির গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট উন্নয়নের মাধ্যমে এলাকার মানুষের জীবনমান উন্নত হবে।
একই দিন ‘ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন’ প্রকল্পের আওতায় পেকুয়া সড়কের ৩৯ মিটার দীর্ঘ একটি আরসিসি গার্ডার সেতুর উদ্বোধন করেন তিনি। পাশাপাশি গ্রাম সড়ক পুনর্বাসন প্রকল্পের অধীনে পশ্চিম সরফভাটা এলাকার ক্ষেত্রবাজার-কালুরঘাট-চরণদ্বীপ সড়কের উন্নয়ন কাজেরও উদ্বোধন করা হয়।