
চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নাছির উদ্দীন (প্রকাশ মধু নাছের) নামের এক যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন।
রোববার রাত ৯টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ইশানভট্টের হাটে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নাছির উদ্দীন কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একদল সশস্ত্র দুর্বৃত্ত বাজারে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক সাজ্জাদ হোসাইন জানান, আহত ব্যক্তির প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। গুলির আঘাতে তার নাড়িভুঁড়ি বের হয়ে গেছে। তবে তিনি এখনো বেঁচে আছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।