সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রাঙ্গুনিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৬ এপ্রিল ২০২৬ | ১১:৪৩ অপরাহ্ন


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে মো. আমির শরীফ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার সন্ধ্যার দিকে উপজেলার শান্তিনিকেতন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ৬২ বছর বয়সী আমির শরীফ পেশায় একজন বর্গাচাষি ছিলেন। তিনি শান্তিনিকেতন দক্ষিণ পাড়ার অলি আহমদ মাস্টারের বাড়ির মৃত লেদু হাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে আমির শরীফ বাড়ির পাশের বিলে বর্গা নেওয়া জমিতে সেচ দিতে যান। কাজ শেষে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি আরও নিশ্চিত হতে পরিবারের সদস্যরা তাকে চন্দ্রঘোনা হেলথকেয়ার হাসপাতালেও নিয়ে যান। সেখানেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করলে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

নিহতের নাতি মো. হৃদয় জানান, প্রতিদিনের মতোই কৃষিকাজে মাঠে গিয়েছিলেন তার দাদা। সেচ দিয়ে ফেরার পথেই বজ্রপাতে তার মৃত্যু হয়, যা পরিবারে গভীর শোকের ছায়া নিয়ে এসেছে।